সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নীতিমালা
সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নীতিমালা হল সশরীরে ও ভার্চুয়াল উইকিমিডিয়া সম্প্রদায়ের জমায়েতের জন্য কিছু নির্দেশনা, যা সকল অংশগ্রহণকারীকে অন্য সকল অংশগ্রহণকারীর জন্য ইতিবাচক ও গঠনমূলক অভিজ্ঞতা নিশ্চিত করতে উৎসাহিত করে। এর সঙ্গে সম্পর্কিত একটি ধারণা হল আচরণবিধি, যা সব ধরনের প্রেক্ষাপটে আচরণ পরিচালনার জন্য প্রণীত একটি নীতিমালা; অন্যদিকে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নীতিমালা সশরীরে অনুষ্ঠিত আয়োজনের পাশাপাশি ভার্চুয়াল জমায়েতের ক্ষেত্রেও প্রযোজ্য।
উইকিমিডিয়া ইভেন্টের জন্য সাধারণ সৌহার্দপূর্ণ পরিবেশের নীতিমালা
উইকিমিডিয়া সম্প্রদায় লিঙ্গ, যৌন অভিমুখিতা, লিঙ্গপরিচয় বা লিঙ্গপ্রকাশ, প্রতিবন্ধিতা, বাহ্যিক চেহারা, বর্ণ, ধর্ম কিংবা পছন্দের মুক্ত লাইসেন্স (এবং অন্যান্য যেকোনও বৈশিষ্ট্য) নির্বিশেষে সকলের জন্য স্বাগতপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইভেন্টে অংশগ্রহণকারীদের হয়রানি সহ্য করি না। এই নিয়ম লঙ্ঘনকারী অংশগ্রহণকারীদের ইভেন্ট সংগঠকগণ তাঁদের বিবেচনায় ইভেন্টস্থল ত্যাগ করতে বলতে পারেন।
হয়রানির সংজ্ঞা
হয়রানির মধ্যে রয়েছে:
- লিঙ্গ, যৌন অভিমুখিতা, লিঙ্গপরিচয় বা লিঙ্গপ্রকাশ, প্রতিবন্ধিতা, শারীরিক চেহারা, দেহের আকার, বর্ণ, জাতিগত পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ধর্ম নিয়ে আপত্তিকর মৌখিক মন্তব্য।
- ইচ্ছাকৃতভাবে ভয় দেখানো, পিছু নেওয়া, অনাকাঙ্ক্ষিতভাবে অনুসরণ করা, হয়রানিমূলকভাবে ছবি তোলা বা রেকর্ড করা এবং আলোচনা বা অন্যান্য অনুষ্ঠানে ক্রমাগত বিঘ্ন সৃষ্টি করা।
- প্রসঙ্গবহির্ভূতভাবে যৌন ছবি প্রদর্শন, অনুপযুক্ত শারীরিক স্পর্শ এবং অনাকাঙ্ক্ষিত যৌন মনোযোগ।
উইকিমিডিয়া আন্দোলনের বিশ্বব্যাপী পরিসরে কোন কোন আচরণকে হয়রানি হিসেবে গণ্য করা হয়, সে সম্পর্কে আরও জানতে \সর্বজনীন আচরণবিধিতে হয়রানির সংজ্ঞা দেখুন।
অংশগ্রহণকারীদের এ ধরনের আচরণ বন্ধ করতে বলা হলে, তাঁরা অবিলম্বে সেই নির্দেশ মেনে চলবেন বলে প্রত্যাশা করা হয়।
সংশোধনমূলক পদক্ষেপ
যেহেতু উইকিমিডিয়া সম্প্রদায়ের ইভেন্টসমূহ স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়, তাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নীতিমালা বজায় রাখতে ইভেন্টের সংগঠকগণ সকল অংশগ্রহণকারীর সহযোগিতার ওপর নির্ভর করেন। আপনি যদি হয়রানির শিকার হন, অন্য কাউকে হয়রানির শিকার হতে দেখেন অথবা অন্য কোনও বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে দয়া করে অবিলম্বে ইভেন্ট কর্মীদের কোন সদস্যের সঙ্গে যোগাযোগ করুন।
সংগঠকগণ কোন ব্যক্তির আচরণ নিয়ে উদ্বিগ্ন হলে অথবা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে, পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সতর্ক করা অন্তর্ভুক্ত থাকতে পারে। আরও গুরুতর ক্ষেত্রে, তাঁকে ইভেন্ট ত্যাগ করতে বলা প্রয়োজন হতে পারে। কারও পিছু নেওয়ার ঘটনা ঘটলে, ইভেন্টের কর্মীরা তাঁর সঙ্গে নিরাপদে চলাচলের জন্য সহচর সরবরাহ করতে পারেন।
যেসব ব্যক্তির হয়রানিমূলক আচরণের ধারাবাহিক ইতিহাস রয়েছে, অথবা যাঁরা কাউকে হয়রানি করার কিংবা কোন অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর হুমকি দেন, তাঁদের ইভেন্টে অংশগ্রহণ করতে বারণ করা হতে পারে।
এই নীতি বাস্তবায়নের বিষয়ে কোনো উদ্বেগ থাকলে, প্রথমে তা অনুষ্ঠানের সংগঠকগণকে জানানো উচিত। ইচ্ছা করলে বৃহত্তর উইকিমিডিয়া সম্প্রদায়ের কাছেও তা জানানো যেতে পারে।
যোগাযোগের তথ্য
জরুরি পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের নিরাপদ থাকতে এবং প্রয়োজনের সময় যোগাযোগ করতে সহায়তা করার জন্য, নিম্নলিখিত যোগাযোগের নম্বরগুলো তালিকাভুক্ত রাখা উপযোগী:
- ইভেন্ট সংগঠকগণ (আদর্শগতভাবে, ২৪ ঘণ্টা সচল থাকে এমন একটি নম্বর)
- স্থানীয় হোটেল বা অনুষ্ঠানস্থলের নিরাপত্তাকর্মী
- স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
- স্থানীয় যৌন নিপীড়নবিষয়ক হটলাইন
- স্থানীয় জরুরি ও অজরুরি চিকিৎসাসেবা
- স্থানীয় ট্যাক্সি কোম্পানি