বাংলা উইকিমৈত্রী হলো বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক সংযোগ। এটি বাংলা ভাষাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, বিভিন্ন সংস্থা এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বাড়াতে কাজ করে।
এই সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলা ভাষাভাষী উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকদের একত্রিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা। বাংলা উইকিমৈত্রী উইকিমিডিয়ানদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন অঞ্চলের অবদানকারীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
২০২৩ সালে উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে বাংলা উইকিমৈত্রী গঠিত হয়। এর লক্ষ্য হলো উইকিমিডিয়া আন্দোলনে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও প্রভাবকে আরও শক্তিশালী করা।